ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন এস এম জিলানী। টুঙ্গীপাড়া-কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জের তিনটি আসনসহ ২৩৭ আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
গোপালগঞ্জ–১ আসনে দলের সহ–সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ–২ আসনে ড্যাব নেতা ডা. কেএম বাবর এবং গোপালগঞ্জ–৩ আসনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী মনোনয়ন পেয়েছেন।
এদিকে গোপালগঞ্জ-৩ আসনে স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর নাম আগামী সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণায় আজ সন্ধ্যায় এক আনন্দ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীসহ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা অংশ নেয়।
১৯৮৬ সাল থেকে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে নির্বাচন করে ৮ বার সংসদ সদস্য নিরর্বাচিত হন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০০৮ ও ২০১৮ সালে শেখ হাসিনার বিপরীতে এই আসনে বিএনপি থেকে প্রার্থী হয়েছিলেন এস এম জিলানী।
কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন, দীর্ঘ ১৭ বছর এসএম জিলানী কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় বিএনপির নেতাকর্মীদের সাথে যোগাযোগ রেখে চলছেন। ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে তিনি প্রার্থী হলেও জনগণের কাছে তাকে ভোট চাওয়ার সুযোগ দেওয়া হয় নাই। মিথ্যা মামলায় জেলে আটকিয়ে রাখা হয়। এস এম জিলানীকে মনোনয়ন দেওয়ায় বিএনপির সকল নেতাকর্মী আজ আনন্দিত। এবার এই আসনের ভোটাররা এস এম জিলানীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আমরা আশাবাদী।

