ঢাকাশনিবার , ৪ জুলাই ২০২৬
  1. আমতলী
  2. কলাবাড়ি
  3. কান্দি
  4. কাশিয়ানী
  5. কুশলা
  6. কোটালীপাড়া
  7. খেলা
  8. গোপালগঞ্জ
  9. গোপালগঞ্জ সদর
  10. জাতীয়
  11. টুঙ্গিপাড়া
  12. পিঞ্জুরী
  13. পৌরসভা
  14. বঙ্গবন্ধু
  15. বান্ধাবাড়ি
আজকের সর্বশেষ খবর

কোটালীপাড়ায় এমপির বরাদ্দে চলছে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের কর্মযজ্ঞ

মনিরুজ্জামান শেখ জুয়েল
জুলাই ৪, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মনিরুজ্জামান শেখ জুয়েল:  গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে চলছে ৯৯টি উন্নয়ন প্রকল্পের কাজ। গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বরাদ্দে টিআর, কাবিখা ও কাবিটা কর্মসূচির আওতায় বাস্তবায়ন হচ্ছে এসব প্রকল্প। উপজেলার বিভিন্ন ইউনিয়নে গ্রামীণ সড়ক মেরামত ও পুনর্নির্মাণ, ছোট সেতু ও কালভার্ট সংস্কার, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং জনসাধারণের চলাচলের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনসার আলী জানান, ৯৯টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮০ লাখ টাকা, ৪১ টন চাল এবং ৫০ টন গম। ইতোমধ্যে অনেক প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। বাকি প্রকল্পগুলোর কাজও দ্রুত শেষ হবে। তিনি বলেন, সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে মাঠপর্যায়ে নিয়মিত তদারকি করা হচ্ছে।

৯৯টি প্রকল্পের মধ্যে হিরণ ইউনিয়নের একটি সড়ক পুনর্নির্মাণ প্রকল্প ইতোমধ্যে স্থানীয়দের স্বস্তি এনে দিয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার হিরণ গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, সাইদ মেকারের বাড়ি থেকে চান মিয়া মুন্সীর বাড়ি পর্যন্ত সড়ক পুনর্নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে সরু ও জরাজীর্ণ হওয়ায় এই সড়ক দিয়ে চলাচলে এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হতো। নতুন করে সড়কটি নির্মাণ হওয়ায় প্রায় ৫০টি পরিবারের মানুষ এখন নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন।

হিরণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল মুন্সী বলেন, “রাস্তাটি অনেক সরু ছিল। দীর্ঘদিন ধরে যাতায়াতে ভোগান্তি পোহাতে হতো। গোপালগঞ্জ-৩ আসনের এমপি এস এম জিলানী ভাইয়ের উদ্যোগে রাস্তাটি পুনর্নির্মাণ করা হয়েছে। এতে এলাকাবাসী দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছে।”

কাজী মন্টু কলেজের প্রতিষ্ঠাতা সদস্য কাজী অমিত মাহমুদ বলেন, “এ ধরনের ছোট ছোট উন্নয়ন প্রকল্প গ্রামীণ জীবনে বড় প্রভাব ফেলে। সড়ক, কাঠের সেতু, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন হলে এলাকার সার্বিক অগ্রগতি ত্বরান্বিত হয়। গোপালগঞ্জ-৩ আসনের এমপি এস এম জিলানী এলাকার অবকাঠামো উন্নয়নে অত্যন্ত তৎপর। তিনি প্রকল্পগুলো হাতে নিয়েছেন এবং নিয়মিত কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন।”

কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন, “গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে এসব প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, প্রতিটি প্রকল্পের কাজ যেন মানসম্মত হয় এবং সাধারণ মানুষের বাস্তব উপকারে আসে।”

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক বলেন, “ আমরা চেষ্টা করছি, প্রকল্পগুলোর কাজ যেন মানসম্মতভাবে ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়। যেসব এলাকায় যোগাযোগব্যবস্থা দুর্বল, সেসব এলাকাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে নিয়মিত তদারকি করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “সরকারের বরাদ্দ যেন সঠিকভাবে জনগণের কাজে লাগে, সে বিষয়ে উপজেলা প্রশাসন কঠোর নজরদারি করছে।”

সংশ্লিষ্টদের মতে, এমপির বরাদ্দে বাস্তবায়নাধীন এসব প্রকল্প সম্পন্ন হলে কোটালীপাড়ার গ্রামীণ যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে, স্থানীয় অর্থনীতি গতিশীল হবে এবং উন্নয়নের সুফল সরাসরি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। এতে উপজেলার সার্বিক উন্নয়ন ও মানুষের জীবনমান বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।