গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অনুবিভাগের উপসচিব মো: আরিফ–উজ–জামান।
অন্যদিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানকে খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে। এজন্য তিনি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত হয়েছেন। ২৪ বিসিএস এর কর্মকর্তা মুহম্মদ কামরুজ্জামান গোপালগঞ্জ জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছিলেন ১১ সেপ্টেম্বর ২০২৪।
রোববার গোপালগঞ্জের জেলা প্রশাসকসহ ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত ডিসি নিয়োগের প্রজ্ঞাপন ওয়েব সাইটে প্রকাশ করা হয়।
মো: আরিফ–উজ–জামান গোপালগঞ্জের ২২তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।মো. আরিফ–উজ–জামান স্বরাষ্ট্র মন্ত্রণালযের পুলিশ অনুবিভাগের উপসচিব হিসেবে র্যাব-১ ও র্যাব-২ শাখায় কর্মরত রয়েছেন।
এর আগে মো: আরিফ–উজ–জামান ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক, যশোর সদর ও মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ০৭ মার্চ ২০২১ তারিখে উপসচিব হিসেবে পদোন্নতি লাভ করেন মো: আরিফ–উজ–জামান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের এই রদবদল করা হয়েছে। জাতীয় নির্বাচনে ডিসিরা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন।
কোটালীপাড়া সাংবাদিক ফোরামের আহ্বায়ক মনিরুজ্জামান শেখ জুয়েল গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক মো: আরিফ–উজ–জামানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

