ঢাকাবুধবার , ২১ জানুয়ারি ২০২৬
  1. আমতলী
  2. কলাবাড়ি
  3. কান্দি
  4. কাশিয়ানী
  5. কুশলা
  6. কোটালীপাড়া
  7. খেলা
  8. গোপালগঞ্জ
  9. গোপালগঞ্জ সদর
  10. জাতীয়
  11. টুঙ্গিপাড়া
  12. পিঞ্জুরী
  13. পৌরসভা
  14. বঙ্গবন্ধু
  15. বান্ধাবাড়ি
আজকের সর্বশেষ খবর

নির্বাচিত হলে মামলা ও টেন্ডার বাণিজ্য বন্ধ করবো— আব্দুল আজিজ মাক্কী

মনিরুজ্জামান শেখ জুয়েল
জানুয়ারি ২১, ২০২৬ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

মনিরুজ্জামান শেখ জুয়েল:
নির্বাচিত হলে গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া–কোটালীপাড়া) মানুষের ওপর মামলা বাণিজ্যের মাধ্যমে যে হয়রানি চলছে, তা সর্বপ্রথম বন্ধ করা হবে—এমন প্রতিশ্রুতি দিয়েছেন ১০ দলীয় জোট ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আব্দুল আজিজ মাক্কী।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে প্রতীক বরাদ্দ পাওয়ার পর টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামছুল হক ফরিদপুরীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আব্দুল আজিজ মাক্কী বলেন, জনগণ যদি আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করে খেদমতের সুযোগ দেন, তাহলে প্রথম কাজ হিসেবে এই অঞ্চলের মানুষের ওপর চলমান অত্যাচার, জুলুম, নির্যাতন ও মামলা বাণিজ্যের মাধ্যমে হয়রানি বন্ধ করবো। একই সঙ্গে কোনো ধরনের টেন্ডার বাণিজ্য হতে দেওয়া হবে না। যুবসমাজ যেন নৈতিক অবক্ষয়ের শিকার না হয়, সে লক্ষ্যে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, আপনারা ভোটের মাধ্যমে এই এলাকা থেকে প্রতিনিধি নির্বাচন করে সংসদে পাঠান। আমি আপনাদের কাছে প্রত্যাশা করি—এবার অন্তত যাচাই-বাছাইয়ের জন্য হলেও একবার আমাদের সুযোগ দিন। রিকশা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবার জন্য আমাকে জাতীয় সংসদে পাঠান।

নিজের নির্বাচনী কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, গওহরডাঙ্গা মাদ্রাসা থেকেই আমি আমার প্রচারণা শুরু করেছি। এখানকার মুহতামিম, হুজুর ও সংশ্লিষ্ট সকলের কাছ থেকে দোয়া নিয়েছি। আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.)-এর কবর জিয়ারতের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করলাম। আগামী নির্বাচনে রিকশা মার্কার পাশে থাকার জন্য আমি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস টুঙ্গিপাড়া শাখার সভাপতি হাফেজ মঞ্জরুল ইসলাম, সাধারণ সম্পাদক কারী রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রশিদ, প্রচার সম্পাদক মাওলানা আশরাফুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মিজানুর রহমান মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।