মনিরুজ্জামান শেখ জুয়েল:
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী বলেন, “জনগণের সেবাই হবে আমাদের প্রধান লক্ষ্য। সবার সাথে সমন্বিতভাবে কাজ করে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা পেলে কোটালীপাড়া উপজেলাকে একটি আধুনিক ও উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড় করানো সম্ভব হবে।”
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের লাল শাপলা হলরুমে এই মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিরাজ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, এলজিইডির প্রকৌশলী সফিউল আজম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু তাহের হেলাল, নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান মোল্লা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রহমান শেখ রেহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনছার, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন রায়, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস, সমাজসেবা কর্মকর্তা সাধন চন্দ্র বল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচি-সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে এমপি এস এম জিলানী উপজেলা পরিষদ কমপ্লেক্সে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
মতবিনিময় সভা শেষে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ও রোগীদের জন্য নির্মিত টয়লেট পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পরবর্তীতে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে সড়কের দুপাশে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যার খোঁজখবর নেন। তার এ সরাসরি জনসম্পৃক্ততা সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলে।
নবনির্বাচিত এই সংসদ সদস্যের এমন সক্রিয় উপস্থিতি ও জনমুখী কার্যক্রমে কোটালীপাড়ায় নতুন প্রত্যাশার সঞ্চার হয়েছে।

