মনিরুজ্জামান শেখ জুয়েল:
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর সতর্কবার্তা দিয়ে বলেন, “ক্ষমতার দাপট দেখিয়ে কেউ অন্যায়-অত্যাচার করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমি নিজেও অন্যায় করবো না, কাউকে অন্যায় করতে দিব না।”
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে কোটালীপাড়ায় কাজী মন্টু ফিলিং স্টেশন সংলগ্ন মাঠে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ বক্তব্য দেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এই এমপি বলেন, গণতন্ত্রের এই অর্জন এসেছে দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে। তাই এই অর্জন রক্ষা করতে হলে সবাইকে সংযত ও দায়িত্বশীল থাকতে হবে।
তিনি নেতাকর্মীদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, রাজনৈতিক ক্ষমতা চিরস্থায়ী নয়। ইতিহাস সাক্ষী—দীর্ঘ সময় ক্ষমতায় থেকেও মুহূর্তের ব্যবধানে পরিস্থিতি বদলে যেতে পারে। সে কারণে ক্ষমতার অপব্যবহার থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।
জিলানী বলেন, “যে কোনো কাজ করার আগে ভাববেন—এটি দল ও নিজের জন্য ক্ষতিকর কি না। দেশটা আমাদের সবার। আইনের ঊর্ধ্বে কেউ নয়, যত প্রভাবশালীই হোক না কেন।”
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের পাশাপাশি এদিন সন্ধ্যায় তিনি উপজেলার উনশিয়া গ্রামের ভট্টের বাগানে উপস্থিত হয়ে বাউল গান উপভোগ করেন এবং স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় গোপালগঞ্জ জেলার সিনিয়র নেতৃবৃন্দ এবং কোটালীপাড়া উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন।

