ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. আমতলী
  2. কলাবাড়ি
  3. কান্দি
  4. কাশিয়ানী
  5. কুশলা
  6. কোটালীপাড়া
  7. খেলা
  8. গোপালগঞ্জ
  9. গোপালগঞ্জ সদর
  10. জাতীয়
  11. টুঙ্গিপাড়া
  12. পিঞ্জুরী
  13. পৌরসভা
  14. বঙ্গবন্ধু
  15. বান্ধাবাড়ি
আজকের সর্বশেষ খবর

কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ও পুনর্মিলনী

মনিরুজ্জামান শেখ জুয়েল
মার্চ ১৮, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

মনিরুজ্জামান শেখ ‍জুয়েল:

দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার  শিক্ষার্থীদের সংগঠন পূর্বাভাসের উদ্যোগে ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিকেলে কোটালীপাড়া সরকারি কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এক মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

সংগঠনের অন্যতম সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিক খান বলেন, “দীর্ঘদিন ধরেই কোটালীপাড়া শিক্ষার দিক থেকে অনুন্নত একটি উপজেলা। মাদক ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে অনেক শিক্ষার্থী অকালেই তাদের সম্ভাবনা হারিয়ে ফেলে। এসব সমস্যা মোকাবিলায় পূর্বাভাস কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে।”

তিনি আরও জানান, কোটালীপাড়ার শিক্ষার্থীদের মানোন্নয়নে নতুন কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে, যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

সংগঠনের আরেক সদস্য নাসরুল্লাহ বলেন, “পূর্বাভাসের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের নৈতিকতার ভিত্তিতে ঐক্যবদ্ধ রাখা। আমরা শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কবি সুকান্ত ভট্টাচার্য-এর স্মৃতিবিজড়িত কোটালীপাড়া উপজেলাকে ঘিরে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন ‘পূর্বাভাস’। কবির কাব্যগ্রন্থ ‘পূর্বাভাস’-এর নামানুসারেই সংগঠনটির নামকরণ করা হয়েছে।

২০২১ সাল থেকে সংগঠনটি নিয়মিতভাবে অলিম্পিয়াড, শিক্ষা সেমিনার ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনার মতো নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। স্থানীয় শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে ‘পূর্বাভাস’ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।