গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে যাওয়া বোনকে বাঁচাতে গিয়ে বোনসহ চাচাতো ভাই ও খেলতে গিয়ে এক শিশুর সলিল সমাধি হয়েছে।
শুক্রবার দুপুরে কোটালীপাড়া উপজেলার নৈয়ারবাড়ি গ্রামের শংকর জয়ধরের মেয়ে অনু ছোয়া জয়ধর (৭) পুকুরে পড়ে গেলে তাকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দেয় ছেলে সজল জয়ধর (২০)। বোনকে পানি থেকে তুলতে গিয়ে সজল জয়ধরও পানিতে ডুবে মারা যায়। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় চলছে শোকের মাতম।অন্যদিকে শুক্রবার বিকেলে উপজেলার হিরণ গ্রামে পানিতে ডুবে ইসাহাক হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
কোটালীপাড়া থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে অনু ছোয়াকে নিয়ে তার চাচাতো ভাই সজল বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামেন। সাঁতার কাটতে কাটতে তারা মাঝপুকুরে পৌঁছালে অনু ছোয়া পানিতে ডুবে যায়। হার্টে সমস্যা থাকা সত্ত্বেও অনুকে পানি থেকে তোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে পানিতে সজলও পানিতে ডুবে যায়।
স্বজনরা খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয়দের সহায়তায় জাল ফেলে দুজনকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এছাড়া আজ বিকেলে উপজেলার হিরন ইউনিয়নের দক্ষিণ হিরণ গ্রামে খেলতে গিয়ে পুকুরে ডুবে যায় শিশু ইসাহাক হোসেন। পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পৃথক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, নৈয়ার বাড়ি গ্রামে পানিতে ডুবে চাচাতো ভাইবোনের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে হিরণ গ্রামে পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি জানা নেই।

