গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাংবাদিকদের উপর হামলার ঘটনা যেন থামছেই না। সম্প্রতি আমার দেশ পত্রিকার প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েলের উপর হামলার রেশ কাটতে না কাটতেই এবার কালের কণ্ঠ এর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান বুলুর উপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। হামলাকারীরা তার কাছে থাকা নগদ ৩০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা সদরের পৌর মার্কেট এলাকার বড় ব্রিজের সামনে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ জুলাই কালের কণ্ঠ অনলাইন-এ গৌরনদী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মো. বাহাদ্দিন দাড়িয়ার বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে প্রতারণার অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই ঘটনার জেরে মঙ্গলবার দুপুর ২টার দিকে পৌর মার্কেট এলাকায় সাংবাদিক মিজানুর রহমান বুলু ও যুগান্তরের প্রতিনিধি মেহেদী হাসানাতের গতিরোধ করে দুর্বৃত্তরা।
এ সময় গৌরনদী উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মো. বাহাদ্দিন দাড়িয়া, বিএনপি নেতা বাসার হাওলাদার বাচ্চু, স্থানীয় মুরগি বিক্রেতা মো. আজিজুল হক হাওলাদার ও বিএনপি নেতা মানিকুজ্জামান হাওলাদার সাংবাদিক মিজানুর রহমানকে এলোপাতাড়ি মারধর করে। হামলাকারীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয় এবং তার পকেট থেকে নগদ ৩০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
আহত মিজানুর রহমানকে প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি চারজনের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি। খুব দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”
এদিকে, সাংবাদিক মিজানুর রহমান বুলুর উপর হামলার ঘটনায় গোপালগঞ্জে কর্মরত সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগে গত ১৫ আগস্ট সন্ধ্যায় সংবাদ প্রকাশের জেরে কোটালীপাড়ার শিল্পকলা মাঠ চত্বরে আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েলের উপর ছাত্রদল ও যুবদলের নেতারা অতর্কিত হামলা চালিয়েছিল।

