ঢাকাশুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
  1. আমতলী
  2. কলাবাড়ি
  3. কান্দি
  4. কাশিয়ানী
  5. কুশলা
  6. কোটালীপাড়া
  7. খেলা
  8. গোপালগঞ্জ
  9. গোপালগঞ্জ সদর
  10. জাতীয়
  11. টুঙ্গিপাড়া
  12. পিঞ্জুরী
  13. পৌরসভা
  14. বঙ্গবন্ধু
  15. বান্ধাবাড়ি
আজকের সর্বশেষ খবর

বঙ্গবন্ধু হত্যার ৫০ বছর আজ

মনিরুজ্জামান শেখ জুয়েল
আগস্ট ১৫, ২০২৫ ১১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

আজ ১৫ আগস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম প্রয়াণ দিবস। ১৯৭৫ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে সেনাবাহিনীর বিপথগামী সদস্যদের হাতে নির্মমভাবে নিহত হন। ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে সংঘটিত ইতিহাসের ঘৃণ্য ও নৃশংসতম সেই হত্যাকাণ্ডের ৫০ বছর আজ।

তিনি ১৯২০ সালে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। শেখ মুজিবের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল ব্রিটিশ ভারতে। তিনি পাকিস্তান আমলে জাতীয়তাবাদী নেতা হিসেবে খ্যাতি লাভ করেন। ১৯৬৬ সালে ৬ দফা ঘোষণার পর তাকে আগরতলা ষড়যন্ত্র মালমার প্রধান আসামি করা হয়। ’৬৯-এর গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি মুক্তি লাভ করেন এবং বঙ্গবন্ধু খেতাবে ভূষিত হন।

১৯৭০ সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হয়। পাকিস্তানের সামরিক শাসক সংখ্যাগরিষ্ঠ দলের কাছে ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করে এবং নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়। এর প্রতিবাদে ৭ মার্চ রেসকোর্স ময়দানে তিনি ঘোষণা করেন- এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সেনারা বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়। ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। পরে ১০ এপ্রিল পাকিস্তানের কারাগারে অন্তরীণ থাকা অবস্থায় শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে স্বাধীন বাংলাদেশ সরকার গঠন করা হয়, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে প্রত্যাবর্তনের পর তিনি প্রধানমন্ত্রী হন। ১৯৭৫ সালে তিনি পুনরায় রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করে একদলীয় শাসন কায়েম করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে সপরিবারে নির্মমভাবে নিহত হন।

আওয়ামী লীগ শাসনকালে ১৫ আগস্ট রাষ্ট্রীয়ভাবে কর্মসূচি পালন করা হতো। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিতে শ্রদ্ধা জানানোসহ নানা আয়োজন করা হত। গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ১৫ আগস্ট শোক দিবস ও সরকারি ছুটি বাতিল করা হয়।

গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের দিন ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এর ছয় মাস পর দ্বিতীয়বার হামলা চালিয়ে বাড়িটি ভেঙে ফেলা হয়।