আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় গণভোট-২০২৬-এর গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে গোপালগঞ্জে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ‘সুপার ক্যারাভান’ বহরের অংশ হিসেবে ভ্রাম্যমাণ এই গাড়িটি গোপালগঞ্জ শহরে পৌঁছে। এ উপলক্ষে শহরের পৌরপার্কে আয়োজন করা হয় চলচ্চিত্র প্রদর্শনী ও জনসচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠান।
অনুষ্ঠানে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই যোদ্ধাদের ওপর নির্মিত প্রামাণ্যচিত্রের অংশবিশেষ প্রদর্শন করা হয়। এসব প্রদর্শনীর মাধ্যমে দর্শকদের মাঝে গণতন্ত্র, ভোটাধিকার, গণভোটের প্রয়োজনীয়তা ও নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।
গোপালগঞ্জ পৌরপার্কে আয়োজিত এই প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত কুমার দেবনাথ, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা মো. অলিউল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ ভোটাররা অনুষ্ঠানে অংশ নেন।
ভোটের গাড়িতে স্থাপিত আধুনিক ডিজিটাল ডিসপ্লে, সাউন্ড সিস্টেম ও ভিজ্যুয়াল কনটেন্টের মাধ্যমে ভোটারদের উদ্দেশ্যে তুলে ধরা হয় জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের নিয়ম, ভোটকেন্দ্রে করণীয় ও বর্জনীয় বিষয়, গোপন ব্যালটের নিরাপত্তা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ। পাশাপাশি নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, ‘দেশের চাবি আপনার হাতে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী পরিচালিত ভ্রাম্যমাণ এই সচেতনতামূলক কর্মসূচি গত ২২ ডিসেম্বর শুরু হয়েছে, যা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে।

