ঢাকারবিবার , ১৮ জানুয়ারি ২০২৬
  1. আমতলী
  2. কলাবাড়ি
  3. কান্দি
  4. কাশিয়ানী
  5. কুশলা
  6. কোটালীপাড়া
  7. খেলা
  8. গোপালগঞ্জ
  9. গোপালগঞ্জ সদর
  10. জাতীয়
  11. টুঙ্গিপাড়া
  12. পিঞ্জুরী
  13. পৌরসভা
  14. বঙ্গবন্ধু
  15. বান্ধাবাড়ি
আজকের সর্বশেষ খবর

শান্তিপূর্ণ নির্বাচন ও গণভোটে সর্বজনীন অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী : ডিআইজি

মনিরুজ্জামান শেখ জুয়েল
জানুয়ারি ১৮, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, শান্তিপূর্ণ নির্বাচন ও গণভোটে সর্বজনীন অংশগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে। একই সঙ্গে সবাই যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত “নিরাপত্তা সমন্বয় সভা” শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বদা তৎপর রয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে যে ধরনের প্রস্তুতি প্রয়োজন, তার সবই নেওয়া হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা বরদাশত করা হবে না।

এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, সেনা ক্যাম্পের কর্মকর্তাবৃন্দসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টায় ঢাকা রেঞ্জ ডিআইজি ঢাকা থেকে সরাসরি গোপালগঞ্জ পুলিশ অফিসার্স মেসে পৌঁছান। সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

পরে পুলিশ লাইন্সে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন ডিআইজি। পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, ফোর্স ও সিভিল স্টাফগণ অংশ নেন। তারা পেশাগত সমস্যা, মাঠপর্যায়ের প্রতিবন্ধকতা এবং সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। ডিআইজি মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

ডিআইজি তার বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ সদস্যদের সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সকল অফিসার ইনচার্জকে নির্দেশ দেন।

তিনি প্রধান উপদেষ্টার প্রত্যাশা তুলে ধরে বলেন, ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত নিরাপত্তা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক। সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা, ডেপুটি ডিরেক্টর (এনএসআই), উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, অতিরিক্ত পুলিশ সুপার (র‍্যাব), গোপালগঞ্জে কর্মরত সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলা পুলিশের সকল কর্মকর্তা এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি সবাইকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন করতে একযোগে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি জেলার সকল দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার পরামর্শ দেন। জনগণের বন্ধু হিসেবে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশ ও জনগণের সুসম্পর্ক বজায় রাখা এবং পুলিশের ইমেজ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।